
রাজধানীর ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. নাজমুল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু ইমন।
বুধবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ডেমরার কোনাপাড়া এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোনাপাড়া বাঁশেরপুল পেপার মিল গেটের সামনে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১টার দিকে চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। আহত ইমনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।