ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

ডেঙ্গু জ্বরে মারা গেলেন কুমিল্লার গাইনি চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ । ৭৪ জন

কুমিল্লার গাইনি চিকিৎসক ডা. ফাহমিদা আজিম কাকলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাকলীর বড় ভাই মনজুরুল আজীম পলাশ জানান, কয়েক দিন আগে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর তার কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার অবনতি হলে শনিবার তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে রক্তচাপ হঠাৎ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। রাতভর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. ফাহমিদা আজিম কাকলী কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং নগর মাতৃসদন কুমিল্লা–এর কনসালট্যান্ট ছিলেন। তিনি মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত; বহু দরিদ্র রোগীর বিনামূল্যে সিজার করেছিলেন। এছাড়া তিনি অধুনা থিয়েটার–এর সদস্য ছিলেন এবং গান ও প্রকৃতির সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন।

ফাহমিদার মরদেহ আপাতত হিমঘরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে থাকা একমাত্র মেয়ে তুর্ণা দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে।