ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ । ৫২ জন

ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রহিমা নামে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনাগুলো শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ও রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার সিংগিয়া ও সোনাহার গ্রামে ঘটে।

নিহতরা হলেন সিংগিয়া গ্রামের মো. রুহুল আমিনের স্ত্রী রহিমা (৬৫) এবং সোনাহার গ্রামের মনোরঞ্জন বর্মন (৮০)।

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে সদর উপজেলার সিংগিয়া গ্রামে ঠাকুরগাঁওগামী একটি গমবোঝাই ট্রাক পথচারী রহিমাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

অন্যদিকে শনিবার বিকেলে সোনাহার গ্রামের মনোরঞ্জন বর্মন সাসলা পিয়ালা বাজার এলাকায় বাইসাইকেল চালানোর সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, দুটি সড়ক দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।