
শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) পরীক্ষামূলকভাবে এই সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিস্টেমের উদ্বোধন করবেন মোহাম্মদ কামরুল আহসান।
জানা গেছে, প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এই লাইভ ট্র্যাকিং প্রযুক্তি চালু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে সব বাসে এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
লাইভ ট্র্যাকিং সিস্টেমের সুবিধা
নতুন এই সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে বাসের বর্তমান অবস্থান জানতে পারবেন। এতে বাস কখন কোন স্টপেজে পৌঁছাবে, সে সম্পর্কে আগাম ধারণা পাওয়া যাবে।
এছাড়া বাস চলাচলে কোনো কারণে বিলম্ব হলে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন পাবেন, ফলে সময় ব্যবস্থাপনা আরও সহজ হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কমবে এবং যাতায়াত হবে আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ।
এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে দুটি বাসে সিস্টেম চালু করার পর সফল হলে সব বাসে এটি সম্প্রসারণ করা হবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম হোসেন বলেন, বাসের অবস্থান জানা না থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। লাইভ ট্র্যাকিং চালু হলে সময় বাঁচবে এবং ভোগান্তি অনেক কমে যাবে।