ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণ নয়, অনুদান দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ সকাল

Link Copied!

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে নতুন করে ঋণের বোঝা না চাপিয়ে অনুদান দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর সহযোগিতা। আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ সংশ্লিষ্ট দেশগুলোর অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন কার্যক্রমে বরাদ্দেরও দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর নতুন করে ঋণের প্রয়োজন নেই। কারণ, ঋণ তাদের আর্থিক বোঝা আরও বাড়িয়ে দেয়। বরং এসব দেশের জন্য প্রয়োজন অনুদানভিত্তিক অর্থায়ন, আধুনিক প্রযুক্তির সুযোগ এবং অভিযোজন কার্যক্রমে জোরালো আন্তর্জাতিক সহযোগিতা। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর প্রচেষ্টায়ও সহায়তা দিতে হবে।

বাংলাদেশের জলবায়ু ঝুঁকির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবের সম্মুখসারিতে থাকলেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে দেশটির অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে চায়। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যেও কাজ চলছে।

এ লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার আওতায় ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

সবুজ শিল্পায়নের অগ্রগতি তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থার সম্প্রসারণ এবং পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার। কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামো তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর লক্ষ্য রয়েছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরায় গড়ে তোলার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান অর্থায়ন ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এতে উন্নয়নশীল দেশগুলোর চাহিদা ও অগ্রাধিকার যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান দায় এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ খাতে মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তব্যে কপ-৩১ সম্মেলনের আয়োজক তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি সফল কপ-৩১ সম্মেলন প্রত্যাশা করে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য এ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে আশা করে বাংলাদেশ।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন, বৈশ্বিক সংহতি জোরদার এবং সম্মিলিতভাবে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

বাড়ির সামনেই ট্রাকচাপায় অটোরিকশাচালকের মৃত্যু

আত্মহত্যা রোধ ও স্বাস্থ্য সুরক্ষায় ‘প্যারাকুয়াট’ নিষিদ্ধ করল বাংলাদেশ

DMP-GRSP organized Capacity building workshop on speed camera operation

ঢাকার সড়কে গতি নিয়ন্ত্রণে ৮টি স্পিড ক্যামেরা পেল ডিএমপি

কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি

শত বছর পর স্কটল্যান্ডের উপকূলে ফিরছে বিলুপ্তপ্রায় বুনো ঝিনুক

‘জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা

সুপার এল নিনোর প্রভাবে বদলে যাচ্ছে সামুদ্রিক প্রাণীদের আবাসস্থল

দাবানল, বন্যা ও তীব্র গরমে বিপর্যস্ত বিশ্ব, বাড়ছে প্রাণহানি

নীরবে বাড়ছে ডায়াবেটিস : আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ

1078 Public Transport Drivers Trained Under BRTA and DAM Initiative

বিআরটিএ ও ডামের উদ্যোগে ১০৭৮ জন গণপরিবহন চালককে প্রশিক্ষণ