
দিনাজপুরের ঘোড়াঘাটে পেছন থেকে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় মেয়েটির বাবা আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী মোছা. শম্পা বেগম (৩৫) এবং তাঁর মেয়ে নুসাইফা আক্তার (১২)।
স্থানীয়রা জানান, মা, মেয়ে ও বাবা ঘোড়াঘাটের বাগানবাড়ী এলাকায় মেয়ের জামাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে জমিলাপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শম্পা বেগম ও নুসাইফা আক্তারের মৃত্যু হয়। দুর্ঘটনায় নুসাইফার বাবা আহত হন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।