
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকাগামী করিম মোটরসের বাসটি মুকসুদপুরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে গিয়ে বাসের ভেতরে আটকেপড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আমজাদুর রহমান তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।