ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৬, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ । ১১০ জন

গাজীপুরের কালীগঞ্জে রেললাইনে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে টঙ্গী–ভৈরব রেলপথের আড়িখোলা রেলস্টেশন–সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালীগঞ্জ পৌরসভার দেয়ালটেক এলাকার মোবারকের স্ত্রী সাবিয়া (২৪), একই এলাকার ইসহাকের মেয়ে মোসা. আনাবি (১১) এবং ইসহাকের শাশুড়ি নরসিংদীর রায়পুরা থানার আব্দুল্লাহপুর এলাকার মৃত নজরউদ্দিনের স্ত্রী মোসা. কমলা বেগম (৫৫)। কমলা বেগম সম্প্রতি দেয়ালটেক এলাকায় তাঁর জামাতার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক পাঁচটার দিকে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় আড়িখোলা রেলব্রিজ ও দেয়ালটেকমুখী সড়কের মাঝামাঝি এলাকায় ওই তিনজন রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পেছন দিক থেকে আসা ট্রেনের শব্দ তাঁরা বুঝতে না পারায় ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”