
খুলনার জয়বাংলা মোড়ে ট্রাকের ধাক্কায় বাবুল হোসাইন (৩৫) নামে এক মোবাইল ফোন ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে খুলনা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল হোসাইন খুলনার কয়রা উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওজিয়ার মোল্লার ছেলে। তিনি কয়রা উপজেলার মোমিন সুপার মার্কেটে অবস্থিত মোবাইল ফোনের দোকান ‘আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ’-এর মালিক ছিলেন।
দোকানের কর্মচারী সুজন জানান, শনিবার সন্ধ্যায় বাবুল হোসাইন মোটরসাইকেলে করে কয়রা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হন। খুলনায় মোটরসাইকেল রেখে ব্যবসায়িক কাজে ঢাকায় যাওয়ার কথা ছিল তার। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা তার মৃত্যুর খবর পান।
হরিণটানা থানার তদন্ত কর্মকর্তা জানান, রাত ৯টার দিকে বাবুল হোসাইন মোটরসাইকেলে করে খুলনা জয়বাংলা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।