
পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত কেপ ভার্দের ফোগো দ্বীপে বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অনেকেই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী।
রোববার দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, শনিবার রাতে ফোগো দ্বীপের উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ মিটার গভীর একটি খাড়াই খাদে পড়ে যায়।
বাসটিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আহত কয়েকজনকে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।
শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ভ্রমণটি কোনো স্কুলের পক্ষ থেকে আয়োজন করা হয়নি। প্রতিবছর বাসচালকের ব্যক্তিগত উদ্যোগে এ ভ্রমণের আয়োজন করা হতো। দুর্ঘটনায় ওই চালকও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইনফোরপ্রেস।