
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শাহ আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (৩ নভেম্বর) দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহ আলম। পরদিন মঙ্গলবার (৪ নভেম্বর) ফেনীর গ্রামের বাড়ি ছাগলনাইয়া পশ্চিম সাহেব নগর মৌলভি বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।
নিহত শাহ আলম ফেনীর মো. বাহার মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী সন্তানসম্ভবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।