কুমিল্লা জেলায় গত ডিসেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। জেলার বিভিন্ন মহাসড়কে এ ঘটনায় মানুষজন প্রাণ হারিয়েছে বলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার কার্যপত্রে জানা গেছে।
রোববার (১১ জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ডিসেম্বর মাসের সংক্ষিপ্ত রিপোর্ট উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়, জেলার গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে দুর্ঘটনা প্রতিরোধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।
সভায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপদ বিভাগের ব্যবস্থাপনা জোরদার করতে হবে। গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ এবং যানবাহন সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা কমানো সম্ভব।”
সভায় এছাড়া নগরীতে অটোরিকশা নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধি করার মতো পদক্ষেপগুলোও আলোচনা করা হয়। জেলা প্রশাসক আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না হলে দুর্ঘটনায় মানুষের প্রাণহানির হার বাড়তে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন।


