কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথরবোঝাই ট্রলির ধাক্কায় আফতাব উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙা–শালজোর ঘাটপাড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আফতাব উদ্দিন শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই এলাকার নামাপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় ঘোড়ার গাড়িচালক ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় আসাদমোড় বাজার থেকে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পাথরবোঝাই ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে, অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


