ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কর্ণফুলীর তীরে ৩ কিলোমিটার পর্যটন জোন হচ্ছে চট্টগ্রামে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ সকাল

Link Copied!

চট্টগ্রামকে পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে বন্দরনগরীর বাকলিয়া এলাকায় কর্ণফুলী নদীর তীরে ৩ কিলোমিটার দীর্ঘ পর্যটন জোন স্থাপন করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। পর্যটন সুবিধা বাড়ানোর পাশাপাশি নদীতীর সংরক্ষণ ও এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘কালুরঘাট সেতু থেকে চাকতাই খাল পর্যন্ত কর্ণফুলী নদীর তীরে সড়ক নির্মাণ’ প্রকল্পের আওতায় এই পর্যটন জোন নির্মাণ করা হবে।

সিডিএর উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী জানান, প্রকল্পের আওতায় শাহ আমানত সেতু থেকে বলিরহাট পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় একটি ওয়াকওয়ে নির্মাণ করা হবে। পাশাপাশি শিশুদের বিনোদনের ব্যবস্থা ও পর্যটকবান্ধব রেস্তোরাঁ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। পর্যটন কেন্দ্রটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

স্থানীয় বাসিন্দা জাবেদ আহমেদ বলেন, পর্যটন অঞ্চল গড়ে উঠলে বাকলিয়ার আর্থ-সামাজিক অবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। চট্টগ্রাম ও আশপাশের এলাকায় পর্যটকদের আকর্ষণ করার মতো সমুদ্র, পাহাড়, ম্যানগ্রোভ বন, জলপ্রপাত ও হ্রদের মতো নানা প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে।

সিডিএর সাবেক প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি শাহীনুল ইসলাম খান বলেন, পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলা গেলে চট্টগ্রাম সত্যিকারের পর্যটন নগরীতে পরিণত হতে পারে। তবে এজন্য কর্ণফুলী নদী পরিষ্কার ও দূষণমুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

পর্যটন উদ্যোক্তা ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এ এস এম ইসমাইল খান বলেন, সরকার পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়নে সক্ষম না হলে বেসরকারি খাত কিংবা সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে উন্নয়ন প্রকল্প নেওয়া যেতে পারে।

সিডিএর তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ২৫ এপ্রিল ‘কালুরঘাট-চাক্তাই চার লেনের মেরিন ড্রাইভ সড়ক’ প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। ২০১৯ সালের জুনে চাকতাই খালের মোহনায় একটি স্লুইস গেট নির্মাণের মাধ্যমে প্রকল্পটির কাজ শুরু হয়।

প্রকল্প পরিচালক রাজীব দাস জানান, নির্মাণকাজ শেষ হলে সড়কটি সিটি বাইপাস লুপ রোড ও অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। এতে নগরের যানজট কমানোর পাশাপাশি বিভিন্ন এলাকার যানবাহন শহরের কেন্দ্র এড়িয়ে চলাচল করতে পারবে।

তিনি বলেন, কাপ্তাই, রাঙ্গুনিয়া ও বোয়ালখালী থেকে আসা যানবাহন এই সড়ক ব্যবহার করে শহরের কেন্দ্র এড়িয়ে বিমানবন্দর, পতেঙ্গা ও দক্ষিণ চট্টগ্রামের দিকে যেতে পারবে। একইভাবে দক্ষিণ চট্টগ্রাম থেকেও যানবাহন নগরের উত্তর দিকে সহজে চলাচল করতে পারবে।

রাজীব দাস জানান, ৯ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সড়কটির ৯২ শতাংশ নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অবশিষ্ট কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার আশা করা হচ্ছে। সড়কটি পুরোপুরি চালু হলে জলাবদ্ধতা নিয়ন্ত্রণ, নদীতীর সংরক্ষণ, নগর যোগাযোগ, আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা ও পর্যটন খাতের বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন জানান, প্রকল্পে সিডিএর মাস্টার প্ল্যান অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আওতায় বাকলিয়ায় ৩ কিলোমিটার দীর্ঘ পর্যটন অঞ্চল গড়ে তোলা হবে। অপেক্ষাকৃত অনুন্নত এই এলাকার উন্নয়নে বেসরকারি ও যৌথ উদ্যোগে আরও বিভিন্ন প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

নগর পরিকল্পনাবিদদের মতে, জনবহুল বাকলিয়া এলাকায় বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। কর্ণফুলীর তীরে পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ে উঠলে এলাকার চিত্র বদলে যাওয়ার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে। একই সঙ্গে পুরো চট্টগ্রাম নগরীর মানুষ প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর নতুন একটি স্থান পাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত