
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে রাজশাহীর অভ্যন্তরীণ (লোকাল) রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে শ্রমিকদের একাংশের ডাকা কর্মবিরতির কারণে জেলার লোকাল রুটে কোনো বাস চলাচল করছে না।
এর আগে সোমবার বিকেলে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আর্থিক হিসাব নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউনিয়নের নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।
প্রস্তাব অনুযায়ী, কমিটির প্রধান হিসেবে জেলা প্রশাসনের একজন অতিরিক্ত জেলা প্রশাসক এবং সদস্য হিসেবে শ্রম অধিদপ্তর, রাজশাহী মহানগর পুলিশ, শ্রমিক ফেডারেশন ও বাস মালিক সমিতির একজন করে প্রতিনিধিকে রাখার কথা ছিল।
তবে বাস মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্তির বিরোধিতা করেন জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী পল্টু। এ সময় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।
বৈঠক শেষে শ্রমিকদের একটি অংশ রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। এ সময় নজরুল ইসলাম হেলালের মালিকানাধীন স্বরণী স্পেশাল (নিউ হিমাচল) পরিবহনের কাউন্টারে ভাঙচুরের ঘটনাও ঘটে।
পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে সোমবার রাত ৮টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়। তবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের একাংশ কর্মবিরতি শুরু করলে রাজশাহীর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা হারুন জানান, প্রশাসনের মধ্যস্থতায় দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হলেও কর্মবিরতির কারণে জেলার লোকাল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অন্যান্য জেলার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে রাজনৈতিক বিভাজনের অভিযোগও উঠেছে। এক পক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের পক্ষে অবস্থান নিয়েছে, অন্যদিকে বর্তমান কমিটির সমর্থকদের বিরুদ্ধে নির্বাচন ছাড়াই বিদ্যমান কমিটি বহাল রাখার চেষ্টা করার অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।