
নেপালের কাঠমান্ডু থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ১২৭ যাত্রী আটকা পড়েছেন। উড্ডয়নের আগে বিমানের উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়ায় যাত্রী নিয়ে টার্মিনাল এলাকা ছাড়ার পর ফ্লাইটটি আবার বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।
রোববার (১৬ আগস্ট) বিকাল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে বিজি৩৭২ ফ্লাইটটি ছেড়ে আসার কথা ছিল। নির্ধারিত সময়ে ১২৭ যাত্রী নিয়ে ফ্লাইটটি টার্মিনাল এলাকা ছাড়ে। রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পর উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমানের উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয়। পরে নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়।
ফ্লাইটটি ফিরে আসার পর যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।
তবে যাত্রীদের অভিযোগ, ফ্লাইটটি কখন ছাড়বে কিংবা তাদের জন্য বিকল্প কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে শুরুতে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। এতে তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডু কার্যালয়ের এক কর্মকর্তা জানান, বিমানের ত্রুটি মেরামত করতে কত সময় লাগবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। এ কারণে বিজি৩৭২ ফ্লাইটের যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ বিভাগ) মহিউদ্দিন আহমেদ বলেন, রোববার বিকাল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে বিজি৩৭২ ফ্লাইটটি ছেড়ে আসার কথা ছিল। যাত্রীদের নিয়ে নির্ধারিত সময়ে ফ্লাইটটি টার্মিনাল এলাকা ছাড়লেও রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পর কারিগরি ত্রুটি দেখা দেয়। এ কারণে ফ্লাইটটি পুনরায় টার্মিনালে ফিরিয়ে আনা হয়।
তিনি আরও জানান, ইতোমধ্যে বাংলাদেশ থেকে একটি বিমান নেপালে পাঠানো হয়েছে। স্থানীয় সময় রাত ১০টায় সেটি কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে রওনা করার কথা রয়েছে।
বিকল্প বিমানের মাধ্যমে আটকা পড়া যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।