
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির ষষ্ঠ দিন আজ রোববার (৮ মার্চ)। এদিন যাত্রীরা আগামী ১৮ মার্চের ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রার সব অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভেদে দুটি পৃথক সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।
সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের ১৮ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের একই দিনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
রেলওয়ে সূত্র জানায়, ঈদুল ফিতরের আগে ট্রেনের ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ মার্চের টিকিট যথাক্রমে ৩, ৪, ৫, ৬ ও ৭ মার্চ বিক্রি করা হয়েছে। এছাড়া ৮ ও ৯ মার্চ বিক্রি করা হচ্ছে যথাক্রমে ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট।
অন্যদিকে ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ওইদিন ২৩ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাবে। পরবর্তী দিনগুলোতে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের ফিরতি টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ অথবা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন।
ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটতে প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ভ্রমণের তারিখ, যাত্রার প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন ও আসনের শ্রেণি নির্বাচন করে টিকিট খোঁজা যাবে।
পরে ট্রেনের নাম, আসন খালি আছে কি না এবং ট্রেন ছাড়ার সময় দেখা যাবে। সেখান থেকে পছন্দের আসন নির্বাচন করে অনলাইনে ভিসা বা মাস্টার কার্ড কিংবা বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ই-টিকিট ডাউনলোড করা যাবে। একই সঙ্গে যাত্রীর ই-মেইলেও টিকিটের কপি পাঠানো হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা ই-মেইলে পাওয়া টিকিট প্রিন্ট করে ফটো আইডিসহ সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ট্রেনে ভ্রমণ করতে পারবেন।