ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতের প্রভাবে দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।
সোমবার (২ মার্চ) সকালে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বাতিল হওয়া ফ্লাইটের তথ্য নিশ্চিত করেছেন। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি, ইউএস-বাংলার ১টি, এয়ার আরাবিয়ানের একটি ডিপার্চার ফ্লাইট এবং ইউএস-বাংলার একটি অ্যারিভাল ফ্লাইট। তবে সালাম এয়ারের মাস্কাট রুটের ফ্লাইট স্বাভাবিকভাবে আসা-যাওয়া করেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে এখন পর্যন্ত মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।


