
সমস্যাগ্রস্ত আটটি বীমা কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে অন্যান্য বীমা কোম্পানিও দাবি পরিশোধের কার্যক্রম ত্বরান্বিত করেছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।
প্রশ্নোত্তর পর্বে মোসা. নাজমুন নাহার জানতে চান, যেসব জীবন বীমা কোম্পানি বছরের পর বছর ধরে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে এবং মেয়াদোত্তীর্ণ বীমা দাবি পরিশোধ করছে না, সেসব চিহ্নিত কোম্পানির লাইসেন্স বাতিলের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না।
জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশে রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশনসহ লাইফ ও নন-লাইফ মিলিয়ে মোট ৮২টি বীমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে দুর্বল আর্থিক অবস্থাসম্পন্ন ও নিম্নমানের কার্যক্ষমতাসম্পন্ন আটটি বীমা কোম্পানির বিরুদ্ধে ইতোমধ্যে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মাধ্যমে এ পর্যন্ত সমস্যাগ্রস্ত আটটি কোম্পানির মোট ২২ হাজার ৩০ জন গ্রাহককে ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, দাবি পরিশোধ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দক্ষ ও নিরপেক্ষ অডিট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পৃথক ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে গ্রাহকদের বীমা দাবি নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ ধারাবাহিকতায় অন্যান্য বীমা কোম্পানিও বীমা দাবি পরিশোধের কার্যক্রম ত্বরান্বিত করেছে। ফলে বীমা দাবি নিষ্পত্তির কার্যক্রম বর্তমানে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।
সমস্যাগ্রস্ত কোম্পানিগুলোর লাইসেন্স বাতিলের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনগত ও আর্থিক দায়বদ্ধতার পাশাপাশি পলিসিধারীদের স্বার্থ বিবেচনায় নেওয়া হবে। কারণ, কোনো কোম্পানির লাইসেন্স বাতিল হলেও বীমাগ্রাহকদের প্রতি ওই কোম্পানির বিদ্যমান দায়বদ্ধতা বিলুপ্ত হয় না।
তিনি বলেন, গ্রাহকদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।