ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত রাজধানী

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ণ । ১৫৭ জন

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট বজায় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও শীতের তীব্রতা অনুভূত হতে পারে।

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ, যা কুয়াশার তীব্রতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।

এ ছাড়া উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হিমেল বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদদের মতে, কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতে না পারায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উত্তরী বাতাসের প্রবাহ থাকায় বিশেষ করে খোলা জায়গা ও রাস্তাঘাটে শীতের অনুভূতি আরও বেশি হবে।

শুষ্ক আবহাওয়ার সঙ্গে ধুলোবালি ও কুয়াশার মিশ্রণে দৃশ্যমানতা কমে যেতে পারে। এ অবস্থায় যানবাহন চালকদের সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।