ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

হিমশীতল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত পঞ্চগড়, বাড়ছে শীতের প্রকোপ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২২, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ণ । ১৯৩ জন

পঞ্চগড়ে টানা দুই দিন ধরে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল কনকনে বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জেলায় তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনের তাপমাত্রাও কমে যাওয়ায় শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, বিশেষ করে ভোর থেকে মাঠে কাজ করা শ্রমিকরা।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হচ্ছে। তবে আগামী দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। একই দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। শীতপ্রবণ উত্তরাঞ্চলের এই জেলায় প্রতিদিন বিকেলের পর থেকেই কুয়াশা নামতে শুরু করে। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে এবং পরদিন সকাল ১২টা পর্যন্ত পুরো এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে। দিনের আলোতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

উপজেলা সদরের মমিনপাড়া এলাকার কৃষক নুরে আলম সিদ্দিকী বলেন, সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাতাস ও কুয়াশা শুরু হয়। সকালে ক্ষেতে কাজ করতে খুব কষ্ট হয়। তবে বেলা ১১টার পর রোদ উঠলে কিছুটা স্বস্তি পাওয়া যায়। কয়েক দিনের মধ্যে শীত আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে, শীতের প্রকোপ বাড়ায় শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও বৃদ্ধি পেয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত সপ্তাহের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে নিউমোনিয়া, হাঁপানি এবং সর্দি-কাশির রোগী বেশি আসছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত প্রায় ১৫ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ধীরে ধীরে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমছে। তিনি বলেন, আগামী সপ্তাহে জেলায় শীতের তীব্রতা আরও বাড়তে পারে।