
হবিগঞ্জে পৃথক তিনটি স্থানে বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রোববার (৭ জুন) বিকেলের দিকে জেলার শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় থানা সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক, শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম এবং বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক পৃথকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— শায়েস্তাগঞ্জ পৌরসভার কাজীরগাঁও গ্রামের আলতাফ আলীর স্ত্রী রাহেলা বেগম (৪৫), বাহুবল উপজেলার মিরপুর চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে রিংকু দেবনাথ (৩০) এবং বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের জয়দর আলীর ছেলে সুজন মিয়া (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে শায়েস্তাগঞ্জের কাজীরগাঁও গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই রাহেলা বেগমের মৃত্যু হয়।
অন্যদিকে, চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে আসা রিংকু দেবনাথ বিকেলে ভাগিনা পিযুষ দেবনাথকে সঙ্গে নিয়ে একটি বাড়ির ছাদে পানি ট্যাংকি পরিষ্কার করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত ঘটে। এতে তারা দুজনই ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রিংকু দেবনাথকে মৃত ঘোষণা করেন। আহত পিযুষ দেবনাথ চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে একই সময়ে বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামে বজ্রপাতে চার যুবক আহত হন। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে সুজন মিয়াকে (১৬) মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহতরা হলেন— সিয়াম মিয়া (১৭), হাফিজ উদ্দিন (২২) ও পারভেজ মিয়া (২৫)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।