
সন্ধ্যার মধ্যে দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এ সময় কোথাও ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার, আবার কোথাও ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে ঢাকা, মাদারিপুর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি পরিবর্তনের এই সময়ে কালবৈশাখী ঝড়ের প্রবণতা বাড়ে। এ কারণে নৌযান চলাচলসহ খোলা জায়গায় অবস্থানরতদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ঝড়ের সময় খোলা স্থানে না থাকা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং নদীপথে চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদফতর।