
শ্রীলঙ্কা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। দেশটিতে বন্যা ও ভূমিধ্বসের কারণে মৃতের সংখ্যা বেড়ে ১৫৯ জনে পৌঁছেছে, আর অন্তত ২০০ জন এখনও নিখোঁজ রয়েছেন।
শুক্রবার ঘূর্ণিঝড় ডিটওয়া দ্বীপরাষ্ট্রটির পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানার পরই বন্যা দেখা দেয়। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ২০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং এক লাখ আট হাজার মানুষকে সরকারি আশ্রয় শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির এক তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে। পরিস্থিতির তীব্রতার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কেলানি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কিছু এলাকায় আরও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ক্যান্ডি ও বাডুল্লা এলাকায়। তবে এখনো এই দুটি এলাকার অনেক জায়গা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
বাডুল্লার মাসপান্না এলাকার সামান কুমারা বলেন, “আমাদের গ্রামে আমরা দুজনকে হারিয়েছি। অন্যরা একটি মন্দিরে আশ্রয় নিয়েছে। এটি একমাত্র ঘর যেটি এখনো দাঁড়িয়ে আছে।”
দুর্যোগ মোকাবেলায় রক্ষা ও উদ্ধারকাজ তৎপরভাবে চলছে, তবে ব্যাপক পানি ও ভাঙন কাজে ব্যাঘাত সৃষ্টি করছে।
তথ্যসুত্র: বিবিসি