
রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।
বুধবার (৩০ জুলাই) ভোররাতে রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোডভ এক ভিডিও বার্তায় বলেন, “আজকের ভূমিকম্পটি ভয়াবহ ছিল এবং এটি বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী।” তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সখালিন অঞ্চলের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো জানান, সুনামির সম্ভাবনার কারণে উপদ্বীপের দক্ষিণাঞ্চলের ছোট ছোট শহরের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা দেশটিতে এক মিটার উচ্চতার সুনামি ঢেউয়ের আশঙ্কা করে সতর্কতা জারি করেছে।
হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ভূমিকম্পের প্রভাবে বিধ্বংসী সুনামি ঢেউ আঘাত হানতে পারে।
এর আগে, গত ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ইউএসজিএস জানায়, তখন মাত্র ৩২ মিনিটের ব্যবধানে তিনটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যার পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়।