
সুন্দরবনে লাগা আগুন রাতের মধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বন বিভাগ। এছাড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ, মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিকভাবে বিষয়টি মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন।
শনিবার (২২ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের অধীন কলম তেজী এলাকায় আজ (শনিবার) দুপুরে টহলরত বনকর্মীরা আগুন দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিভাগীয় বন কর্মকর্তা ও চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক।

এতে আরও বলা হয়, অগ্নিকাণ্ডস্থল নদী বা খাল থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে হওয়ায় সরাসরি পানি সরবরাহ করা কঠিন। তবে আগুন কেবল বনের মেঝেতে রয়েছে, উপরের দিকে ছড়ায়নি। বন বিভাগের নিজস্ব ফায়ার ইঞ্জিনের মাধ্যমে এক কিলোমিটার পর্যন্ত পানি পৌঁছানো সম্ভব হয়েছে, আর ফায়ার সার্ভিসের সহায়তায় তিন কিলোমিটার দূরে অগ্নিকাণ্ডস্থলে পানি পৌঁছানোর প্রচেষ্টা চলছে, যা ইতোমধ্যে সফল হয়েছে।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় আশা করা যায়, রাতের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছে বন বিভাগ। মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ, মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিকভাবে বিষয়টি মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন।