
রাজশাহীর পবা উপজেলায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার উপজেলার হড়গ্রাম ও হরিয়ান বাজারে এই অভিযানে চারটি দোকান ও একটি কারখানা থেকে প্রায় ৩ হাজার কেজি পলিথিন ব্যাগ এবং ৬২ বস্তা পলিথিনের কাঁচামাল জব্দ করা হয়।
অবৈধভাবে পলিথিন ব্যাগ উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে সংশ্লিষ্টদের মোট ৯০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে সহযোগিতা করে রাজশাহী র্যাব-৫। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কবির হোসেন, পরিদর্শক নীল রতন প্রমুখ।