ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  • অন্যান্য

মাদারীপুরে পটকা ফোটাতে গিয়ে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ । ৯৭ জন

মাদারীপুরে পটকা বাজি ফোটাতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) রাত দেড়টার দিকে মাদারীপুর শহরের বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে।

স্থানীয়দের অভিযোগ, মধ্যরাতে বাদামতলা এলাকার ‘ভুইয়া কমিউনিটি সেন্টার’-এর পেছনে কয়েকজন যুবক পটকা ফোটায়। পরে তারা দ্রুত সটকে পড়ে। পটকার আগুন থেকে পাশের একটি রান্নাঘরে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে একটি রান্নাঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, গভীর রাতে প্রায়ই কিছু বখাটে পটকা ও আতশবাজি ফোটায়। এতে ছোট ছোট শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। প্রশাসনের নীরবতায় এ ধরনের ঘটনা বন্ধ হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস-এর পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, আগুন থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। মধ্যরাতে কারা এসব পটকা ফোটাচ্ছে, তা বন্ধ হওয়া জরুরি।

অন্যদিকে মাদারীপুর সদর মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পটকা বাজি ফোটানোর খবর পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।