
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স। এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শনিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১১টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
পাকিস্তানের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র বলেছে, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৯২ কিলোমিটার (৫৭ মাইল) গভীরে।
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে আঘাত হানা ভূমিকম্প পাকিস্তানের বিভিন্ন অঞ্চলেও অনুভূত হয়েছে। এর মধ্যে ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা উল্লেখযোগ্য।
সবচেয়ে তীব্র কম্পন হয়েছে খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির, বাজাউর, মালাকান্দ, নওশেরা, দির বালা, শাবকাদার ও মোহমান্দ এলাকায়। এসময় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।