
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্কের উন্নতির ইঙ্গিত এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা কমার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম চার মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৮ সেন্ট বা ১ দশমিক ৮৯ শতাংশ কমে ৭১ দশমিক ৫৭ ডলারে নেমেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯২ সেন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ কমে ৬৮ দশমিক ৫৮ ডলারে বিক্রি হচ্ছে।
বিশ্লেষকদের মতে, উভয় ধরনের অপরিশোধিত তেলের এই দরপতন গত মার্চের পর সর্বনিম্ন সমাপনী মূল্য।
বাজার বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক ইতিবাচক মন্তব্য তেলের দামের ওপর বড় প্রভাব ফেলেছে।
সম্প্রতি ট্রাম্প এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ‘খুব ভালো’ চলছে। একই ধরনের মন্তব্য করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, দুই দেশের আলোচনা ‘অত্যন্ত চমৎকার’ অগ্রগতির দিকে এগোচ্ছে।
বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে উত্তেজনা কমার সম্ভাবনায় বৈশ্বিক তেলের সরবরাহ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কমেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত নিম্নমুখী হয়েছে।