দেশকে পর্যটনের মাধ্যমে বিশ্বে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, পর্যটনের উন্নয়নের মাধ্যমে দেশের সৌন্দর্য ও সংস্কৃতি আন্তর্জাতিকভাবে তুলে ধরা সম্ভব হবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পর্যটন মন্ত্রী বলেন, বর্ষবরণ শুধু নতুন বছরের সূচনা নয়, এটি জাতীয় পরিচয় ও সংস্কৃতিকে উপলব্ধি করার একটি গুরুত্বপূর্ণ দিন। দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা।
এছাড়া অনুষ্ঠানে মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


