
ধূমপান স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা সবারই জানা। তবুও অনেকেই এই নেশার শিকার হন। ‘সিগারেট খাওয়া ছেড়ে দেব’ বলা যেমন সহজ, বাস্তবে তা ততটা সহজ নয়। ধূমপান ছাড়তে গেলে শারীরিক এবং মানসিক দু’দিক থেকেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। তবে সঠিক পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে ধূমপান ত্যাগ করা সম্ভব।
ধূমপানের মূল কারণ চিহ্নিত করুন
প্রথমেই নিজের মধ্যে প্রশ্ন করুন-কেন ধূমপান করছেন। অনেক সময় মানসিক চাপ, বিরক্তি, নির্দিষ্ট সময় বা অবস্থার কারণে ধূমপানের ইচ্ছা জাগে। নিজের এই ‘ট্রিগার’ চিহ্নিত করলে ধূমপান ত্যাগের কাজ অনেক সহজ হয়।
কীভাবে ধূমপান ত্যাগ করবেন
অনেকে হঠাৎ করে ধূমপান ছাড়ার চেষ্টা করেন। কিন্তু হঠাৎ ছেড়ে দিলে নিকোটিনের অভাবে মানসিক চাপ বেড়ে যায়, এবং দুর্বল মুহূর্তে পুনরায় ধূমপানের প্রবণতা তৈরি হয়। তাই ধীরে ধীরে ধূমপান কমানো সবচেয়ে কার্যকর।
১. ধীরে ধীরে সংখ্যা কমানো
একদিনে সব সিগারেট বন্ধ করার বদলে ধাপে ধাপে কমানো উচিত। ধরুন, আপনি দিনে ১০টা সিগারেট খান। প্রথম সপ্তাহে তা ৮টায় নামান, দ্বিতীয় সপ্তাহে ৫টায় কমান। তৃতীয় সপ্তাহে ২–৩টায় নামিয়ে ধীরে ধীরে চতুর্থ সপ্তাহে দিনে একটাও খাওয়ার চেষ্টা করুন। এরপর ধূমপান না খাওয়াকে অভ্যাসে পরিণত করুন।
২. ট্রিগার থেকে দূরে থাকা
যেখানে সাধারণত সিগারেট খেয়েছেন, সেখান থেকে দূরে থাকুন। ধূমপানের গন্ধ বা অন্য কাউকে খেতে দেখলে ইচ্ছে জাগতে পারে। প্রয়োজন হলে চুইংগাম বা অন্য কোনো বিকল্প ব্যবহার করতে পারেন। এটি ধূমপানের প্রতি আকর্ষণ কমাতে সাহায্য করবে।
৩. সামাজিক পরিস্থিতিতে প্রস্তুতি নেওয়া
ধূমপান ত্যাগের পর বন্ধুদের সঙ্গে থাকা, যেখানে তারা সিগারেট খায়, এমন পরিস্থিতি আসলে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। গন্ধ বা দৃশ্য দেখেও ইচ্ছা সামলে রাখতে পারলে এই অভ্যাস চিরতরে ত্যাগ করা সম্ভব। নিজের প্রতি ধৈর্য ও আত্মসংযম বজায় রাখাই মূল চাবিকাঠি।
সহায়ক কৌশল ও পরামর্শ
১. ধূমপান ত্যাগের জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন।
২. ধূমপানের পরিবর্তে স্বাস্থ্যকর অভ্যাস যেমন গেম, হাঁটাহাঁটি বা চুইংগাম গ্রহণ করুন।
৩. পরিবার ও বন্ধুদের সহায়তা নিন, তাদের সঙ্গে অগ্রগতি শেয়ার করুন।
৪. ধৈর্য ধরুন-শরীর ও মস্তিষ্ক ধীরে ধীরে নতুন অভ্যাসের সঙ্গে খাপ খায়।
ধূমপান ছাড়তে সময় ও মনোবল প্রয়োজন, কিন্তু পরিকল্পিত ধাপে ধাপে অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এটি সম্ভব। নিজেকে সামলে রাখতে পারলেই আপনি সিগারেটকে চিরতরে বিদায় জানাতে পারবেন, এবং স্বাস্থ্যের দিকে এক বড় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।