
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
বুধবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্তের ফলে ক্রেতারা প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কম দামে সোনা কিনতে পারবেন, যা সাম্প্রতিক সময়ে সোনার বাজারে উল্লেখযোগ্য মূল্যহ্রাস হিসেবে দেখা হচ্ছে।