
হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৩ জনের শরীরে।
রোববার (১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে মোট ১ হাজার ২৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৪৯ জনের।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১ হাজার ৩৫৩ জনের মধ্যে নিশ্চিত হাম রোগী ৬৮ জন। বাকি ১ হাজার ২৮৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৩৫ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৫৫ জন হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৫ জন।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৪ হাজার ৭৮৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ১৮৩ জন।