
দেশের বাজারে টানা দুই দফায় কমেছে সোনার দাম। এতে দুই দিনে প্রতি ভরিতে ৭ হাজার ১১৪ টাকা কমেছে। সর্বশেষ দাম কমানোর পর আজ রোববার (১ নভেম্বর) ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (৩১ অক্টোবর) সোনার নতুন দাম নির্ধারণ করে। ওই দিন প্রতি ভরিতে দাম কমানো হয় ৫ হাজার ৪৮১ টাকা। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) কমানো হয়েছিল ১ হাজার ৬৩৩ টাকা।
বাজুসের নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১১৭ টাকা কমিয়ে ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৫৮ টাকা কমিয়ে ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করেছে বাজুস।