ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  • অন্যান্য

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান নবম

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ । ১০১ জন

শীত শেষে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও বাড়তে শুরু করেছে বায়ুদূষণ। বৃষ্টির অভাব ও শুষ্ক আবহাওয়ার কারণে রাজধানী ঢাকার বাতাসের মান প্রায়ই অস্বাস্থ্যকর অবস্থায় পৌঁছে যাচ্ছে। তবে টানা দুই দিন শীর্ষে থাকার পর বৈশ্বিক দূষিত শহরের তালিকায় কিছুটা নিচে নেমে এসেছে ঢাকা।

রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান নবম। এ সময় শহরটির বায়ুমানের সূচক (একিউআই) ছিল ১৬১, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ২৮২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে। পাকিস্তানের আরেক শহর করাচি ১৬৩ স্কোর নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে।

এদিকে ভারতের দিল্লি ২৪১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ভারতের আরেক শহর কলকাতা ১৭১ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে।

এ ছাড়া ১৮৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। ১৭৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে কঙ্গোর কিনশাসা, ১৭৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে সেনেগালের ডাকার এবং ১৭১ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে বায়ুকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

আর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়।

একিউআই ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।