
পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত করা ও অপরাধীদের দায়মুক্তি এড়াতে দূষণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের মামলা পরিচালনা আরও কার্যকর করতে আইনি কাঠামো ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা জোরদার করা হবে।’
বুধবার (১৯ মার্চ) পরিবেশ অধিদপ্তরের চলমান মামলার অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘বায়ু, পানি ও শিল্পদূষণের বিরুদ্ধে আইনি কার্যক্রম আরও জোরদার করা হবে। পরিবেশ সংরক্ষণে অধিদপ্তরের নির্বাহী কার্যক্রম শক্তিশালী করা হবে। মামলা পরিচালনায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আদালতে শক্তিশালী উপস্থাপনা নিশ্চিত করা হবে।’
এ সময় দূষণবিরোধী অভিযান আরও কার্যকর করতে এনফোর্সমেন্ট ম্যানুয়াল প্রস্তুতের নির্দেশনা দেন সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. খায়রুল হাসান, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, সলিসিটর উইং, আইনজীবীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।