
দেশের সাত জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে সংস্থাটি সতর্ক করেছে।
রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।
দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এ ঝড় হতে পারে। পাশাপাশি বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সাত জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।