
ঢাকা মহানগরীর ভয়াবহ বায়ুদূষণ রোধে শিগগিরই ‘ডিগ্রেডেড এয়ারশেড’ (দূষিত বায়ুমণ্ডলীয় অঞ্চল) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বিষয়ে বিজ্ঞানভিত্তিক সুপারিশ দিতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের কথাও জানান তিনি।
আজ (০১ জুলাই) মঙ্গলবার আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে উপদেষ্টা বলেন, “ঢাকার বায়ুদূষণ এখন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। এটিকে নিয়ন্ত্রণে আনতে হলে কঠোর ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে।”
তিনি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, “পরিবেশ দূষণের উৎস চিহ্নিত করতে হবে। ইটভাটা নিয়ন্ত্রণে পার্বত্য চট্টগ্রাম, লক্ষ্মীপুরের রামগতি এলাকার ইটভাটা পরিচালনা নিষিদ্ধ করা হবে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ’র সহযোগিতায় অভিযান জোরদার করা হবে।”
নগরজুড়ে নির্মাণসামগ্রী যত্রতত্র ফেলে রাখা, খোলা জায়গায় আগুন দিয়ে পোড়ানো এবং পাতা পোড়ানোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, “ঢাকা শহরে ‘জিরো সয়েল’ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। কোথাও পতিত জায়গা রাখা যাবে না—সকল খালি জায়গায় গাছ লাগাতে হবে। গাছ লাগানোর কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করতে হবে।”
পাতা পোড়ানোর হটস্পট চিহ্নিত করে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা পত্র বিতরণ এবং গণমাধ্যমে সচেতনতামূলক বিজ্ঞাপন প্রচারের নির্দেশনাও দেন উপদেষ্টা।
তিনি আমিন বাজার এলাকায় বালু রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনার কথাও বলেন।
সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: কামরুজ্জামান এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।