
ঢাকার জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও নগর পরিবেশ উন্নয়নে এক হাজার ৬০০ বৃক্ষ রোপণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর দিয়াবাড়িতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
ডিএনসিসি জানায়, পাঁচ লাখ বৃক্ষ রোপণের মহাপরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে গ্রিন সেভার্স। এতে সহযোগিতা করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং বন অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এবং সভাপতিত্ব করেন গ্রিন সেভার্সের প্রধান নির্বাহী আহসান রনি।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ এজাজ বলেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনে খালগুলোর মাধ্যমে পানি চ্যানেলিং করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বায়ুদূষণ কমানো ও পরিবেশ রক্ষায় এসটিএসগুলো আন্ডারগ্রাউন্ডে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, জেন্ডার মেইনস্ট্রিমিং নিশ্চিত করতে সিটি করপোরেশন হিজড়া জনগোষ্ঠীর জন্য ব্যবসার সুযোগ তৈরি করছে।
এছাড়া ব্যক্তিগতভাবে বৃক্ষরোপণকারীদের সহায়তায় ‘গাছের ডাক্তার’ নামে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসক জানান, ঢাকায় একটি ট্রি মিউজিয়াম স্থাপন এবং নগরীর আরবান বায়োডাইভারসিটি হটস্পটগুলো সংরক্ষণের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
স্বাগত বক্তব্যে বন অধিদপ্তরের ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানা বলেন, আমতলি থেকে গুলশান-১ পর্যন্ত বৃক্ষরোপণ ও মাটি সংরক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। পাশাপাশি বাউনিয়া খালের চারপাশেও বৃক্ষরোপণ করা হয়েছে। তিনি জানান, ঢাকাকে সবুজায়নের আওতায় আনতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের বন সংরক্ষক হুসাইন মোহাম্মদ নিশাদ, উপপ্রধান বন সংরক্ষক মোহাম্মদ মঈনুদ্দিন খান, ইডকলের চিফ রিস্ক অফিসার মোহাম্মদ জাভেদ ইকবাল এবং ইডকলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রায়হান উদ্দিন।