
টানা বর্ষণে রাজধানী ঢাকা কার্যত অচল হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিপাত শুক্রবার সকাল পর্যন্ত ১৮২ মিলিমিটারে পৌঁছেছে, যা এখনো অব্যাহত রয়েছে।
এই টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার সকালে শহরের প্রধান সড়কগুলো ছিল প্রায় জনশূন্য। অফিস-আদালত বন্ধ থাকায় মানুষের চলাচল ছিল খুবই সীমিত। কারওয়ান বাজারের মতো গুরুত্বপূর্ণ এলাকাতেও গাড়ির সংখ্যা ছিল হাতেগোনা।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ২৯ মে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১০৭ মিলিমিটার এবং পরবর্তী ১২ ঘণ্টায় আরও ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এদিকে, দেশের ১৩টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ঢাকা, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের অধিকাংশ বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রপাত ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
নদীপথে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।