ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬

ঢাকায় শীতের তীব্রতা কম, সারাদেশে কুয়াশার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১২, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ । ১২৮ জন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সোমবার (১২ জানুয়ারি) আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে গত কয়েক দিনের মতো তীব্র শীত অনুভূত নাও হতে পারে। দিনের বেশির ভাগ সময় রোদের দেখা মিলবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ। এর আগে শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ এবং সর্বনিম্ন ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।

এদিকে বিভাগীয় শহরগুলোর তাপমাত্রা অনুযায়ী, চট্টগ্রামে সর্বনিম্ন ১৬ দশমিক ৫ ও সর্বোচ্চ ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বনিম্ন ১০ ও সর্বোচ্চ ২৪ দশমিক ২ ডিগ্রি, খুলনায় সর্বনিম্ন ১৪ দশমিক ৫ ও সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সিলেটে সর্বনিম্ন ১৩ দশমিক ৬ ও সর্বোচ্চ ২৮ দশমিক ৩, বরিশালে সর্বনিম্ন ১৩ দশমিক ৬ ও সর্বোচ্চ ২৫, রংপুরে সর্বনিম্ন ৭ দশমিক ৩ ও সর্বোচ্চ ২১ দশমিক ৩ এবং ময়মনসিংহে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ও সর্বোচ্চ ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় সারাদেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে করে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।