রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে স্বল্পমাত্রার এ কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬। তিনি বলেন, এটি একটি স্বল্পমাত্রার ভূমিকম্প, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায়।
এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) ও পরদিন শনিবার—প্রায় ৩১ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও আশপাশের এলাকায় চারটি ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে শুক্রবার সকালে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী কম্পনটি অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে ১০ জনের মৃত্যু এবং ছয় শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনা ঘটে। বারবার ভূমিকম্পে নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।


