রাজধানী ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আবহাওয়া অধিদফতরের তথ্যমতে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
অন্যদিকে, রোববার রাতে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


