ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২০, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ । ১৫ জন

বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের পণ্যমূল্যে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (২০ এপ্রিল) সকালে সিলেট নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খাদ্যপণ্যের উৎপাদন সরাসরি জ্বালানি তেলের ওপর নির্ভরশীল নয়; বরং উৎপাদন খরচ ও পরিবহন ব্যয়ের সঙ্গে জড়িত। ম্যানুফ্যাকচারিং খাতে জ্বালানি ব্যয় মোট উৎপাদন খরচের মাত্র ৭-৮ শতাংশ হওয়ায় পণ্যমূল্যে বড় ধরনের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, বৈশ্বিক বাজারে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এই সামান্য মূল্য সমন্বয় করা প্রয়োজন ছিল। উন্নত দেশগুলোসহ সারা বিশ্বেই জ্বালানির দাম বেড়েছে বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও জানান, মূল্যস্ফীতির প্রভাব কমাতে সরকার বিভিন্ন খাতে সতর্ক রয়েছে। কৃষকদের জন্য ডিজেলে ভর্তুকি দেওয়া হচ্ছে এবং অন্যান্য খাতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেট এখনো কিছু সামাজিক সূচকে পিছিয়ে রয়েছে। তবে আগামী পাঁচ বছরের মধ্যে এই বৈষম্য দূর করতে সরকার কাজ করছে।

জনস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, টিকাদান কার্যক্রম জোরদার করা হলে দ্রুত হামের প্রকোপ কমে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী। এছাড়া বক্তব্য দেন ডা. মো. জাহিদুল ইসলাম, ডা. নূরে আলম শামীম, ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, মো. সারওয়ার আলম, ডা. সুফি মো. খালিদ বিন লুৎফুর, রেজাউল হাসান কয়েস লোদী এবং মির্জা ফজলে এলাহীসহ অন্যান্যরা।