জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—মা ও তার দুই মেয়ে।
সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নয়ানগর এলাকার দাগী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৩৭) ও ফতে আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে বাড়ির পাশে থাকা একটি বড় গাছ উপড়ে গিয়ে বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা মা ও দুই মেয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে যান এবং মরদেহগুলো উদ্ধার করেন।


