
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবার বাসাবাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের ওপর গুরুত্ব দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের এ খাতে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘পাওয়ার, এনার্জি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাসাবাড়ির ছাদ ব্যবহার করে সোলার বিদ্যুৎ উৎপাদন বাড়ানো গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, “ছাদে সোলার বসানো হলে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে আয় করা সম্ভব হবে। বাড়ির মালিকরা চাইলে সেটি ভাড়ার সঙ্গে সমন্বয়ও করতে পারবেন। বাংলাদেশ এখন সোলার বিদ্যুতের জন্য প্রস্তুত, তবে এ খাতকে এগিয়ে নিতে নীতিগত সহায়তা আরও বাড়ানো হবে।”
ইকবাল হাসান মাহমুদ জানান, সোলার খাত উন্নয়নে ইতোমধ্যে একটি কমিটি কাজ করছে, যা প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করছে। দ্রুত সময়ের মধ্যে নীতিমালা চূড়ান্ত করে মন্ত্রিসভায় অনুমোদনের পর তা সরকারি আদেশ হিসেবে জারি করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, সরকার আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে। পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে দিনের বেলায় উৎপাদিত বিদ্যুৎ রাতের চাহিদা মেটাতে ব্যবহার করা যায়।
অনুষ্ঠানে জানানো হয়, তিন দিনব্যাপী এ এক্সপোতে ১২টি দেশের প্রায় ১৪০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যা ৯ মে পর্যন্ত চলবে।