
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সনদ গৃহীত হওয়ার ৪১তম বার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) প্রাঙ্গণে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যা আয়োজন করেছে সার্ক কৃষি কেন্দ্র।
১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রথম সার্ক শীর্ষ সম্মেলনে সনদ গ্রহণের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার যাত্রা শুরু হয়। দিবসটি সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করিয়ে দেয়।
এ বছরের উদযাপনের মূল বিষয় ছিল- ‘ওয়ান হেলথ ধারণার আলোকে দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সংশ্লিষ্ট প্রাণিসম্পদ খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে আঞ্চলিক সহযোগিতা’।
অনুষ্ঠানের প্রধান অতিথি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের (সার্ক ও বিমসটেক) মহাপরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, “জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষি ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদ ব্যবস্থায় উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ওয়ান হেলথ’ কাঠামোর অধীনে আরও শক্তিশালী সমন্বয় অপরিহার্য।”
মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তান কৃষি গবেষণা কাউন্সিলের প্রাণিসম্পদ উৎপাদন বিভাগের পরিচালক ড. মুহাম্মদ ইকবাল আনজুম। তিনি যৌথ গবেষণা, তথ্যের সামঞ্জস্য বিধান এবং সীমান্ত-পারাপার সহযোগিতা বৃদ্ধি করে জলবায়ু-সহনশীল প্রাণিসম্পদ খাত গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুস সালাম। তিনি টেকসই কৃষি উন্নয়নে আঞ্চলিক সংহতি, জ্ঞান বিনিময় ও বৈজ্ঞানিক গবেষণা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনুর রশীদ স্বাগত বক্তব্যে গবেষণা, প্রযুক্তি বিনিময় ও নীতি প্রণয়নে কেন্দ্রের চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ অগ্রাধিকারের দিকগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা এবং জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়নে বিজ্ঞানভিত্তিক সমন্বয় ও গবেষণার গুরুত্বকে সামনে এনেছে।