ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু অভিযোজনে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬, ১:৪৩ বিকাল

Link Copied!

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে সর্বোচ্চ ৩০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের জন্য নির্বাচিত করেছে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ)। এই অর্থের মাধ্যমে দেশের উপকূলীয় সুরক্ষা জোরদার, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ চলাকালে এ ঘোষণা দেয় সিআইএফ। সংস্থাটির নতুন প্রজন্মের জলবায়ু সহনশীলতা কর্মসূচি ‘অ্যারাইজ’ (অ্যাক্সিলারেটিং রেজিলিয়েন্স ইনভেস্টমেন্টস অ্যান্ড ইনোভেশনস ফর সাসটেইনেবল ইকোনমিজ)-এর প্রথম পর্যায়ে বাংলাদেশসহ পাঁচটি দেশ এবং একটি আঞ্চলিক প্রকল্পকে নির্বাচিত করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি নির্বাচিত দেশ সর্বোচ্চ ৩০ মিলিয়ন ডলার এবং আঞ্চলিক প্রকল্পের জন্য সর্বোচ্চ ৪০ মিলিয়ন ডলার অর্থায়নের বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে পারবে। বাংলাদেশ ছাড়াও প্রথম পর্যায়ে নির্বাচিত অন্য দেশগুলো হলো কিরগিজ প্রজাতন্ত্র, হাইতি, মরক্কো ও সিয়েরা লিওন। পাশাপাশি মালাউই ও মোজাম্বিককে নিয়ে একটি আঞ্চলিক কর্মসূচি নেওয়া হয়েছে।

সিআইএফ জানিয়েছে, এ কর্মসূচির জন্য বিভিন্ন দেশ থেকে ৭০০ মিলিয়ন ডলারের বেশি সম্ভাবনাময় বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে, যার মধ্যে ২৫টি প্রস্তাবকে বিনিয়োগের উপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। কৃষি ও খাদ্যব্যবস্থা, পানির নিরাপত্তা, অবকাঠামো, জ্বালানি, উপকূলীয় সুরক্ষা, সামুদ্রিক অর্থনীতি, প্রাকৃতিক সম্পদ এবং সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে এসব বিনিয়োগের সুযোগ রয়েছে।

সম্মেলনের এক অনুষ্ঠানে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সিআইএফের অ্যারাইজ কর্মসূচির প্রথম পর্যায়ের অংশীদার হতে পারায় স্বাগত জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের লক্ষ্য এমন একটি জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলা, যেখানে অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা পাশাপাশি এগিয়ে যাবে। অ্যারাইজ কর্মসূচির মাধ্যমে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, বড় পরিসরে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য অভিযোজনমূলক বিনিয়োগ নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

গত বছর কপ৩০-এ চালু হওয়া অ্যারাইজ কর্মসূচিতে শুরুতে জার্মানি, স্পেন ও আয়ারল্যান্ড ১০০ মিলিয়ন ডলারের বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দেয়। সম্প্রতি যুক্তরাজ্যও এ উদ্যোগে যুক্ত হয়ে আগামী কয়েক বছরে বিদ্যমান জলবায়ু সহনশীলতা কর্মসূচির বিনিয়োগ থেকে ফেরত পাওয়া অর্থের সর্বোচ্চ ১২৮ মিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেসেগিন জানান, জার্মানি, স্পেন ও আয়ারল্যান্ডের পাশাপাশি যুক্তরাজ্যের নতুন অর্থায়নের সিদ্ধান্ত জলবায়ু সহনশীলতা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে এবং ভবিষ্যতে আরও অর্থায়ন সংগ্রহ করা হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরিচালক নোয়েল ও’ব্রায়েন এবং জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক মন্ত্রী রিম আলাবালি রাদোভান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা ও বেসরকারি খাতের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সিআইএফের মতে, স্বল্প সুদের ও সহজ শর্তের এই অর্থায়ন কৌশলগতভাবে ব্যবহারের মাধ্যমে সরকারি-বেসরকারি বড় বিনিয়োগ আকৃষ্ট করে মানুষের জীবিকা সুরক্ষা ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

জীবাশ্ম জ্বালানি ছাড়ার রোডম্যাপ বাস্তবায়নের আহ্বান গুতেরেসের

জলবায়ু নেতৃত্বে চীনের দিকে তাকিয়ে বিশ্ব

চীনে আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি!

আসামে কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত, আহত বেশ কয়েকজন

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, কমতে পারে ঢাকার তাপমাত্রা

Call to Reform Global Climate Finance Framework for Climate Justice at COP31

জলবায়ু ন্যায়বিচারে বৈশ্বিক অর্থায়ন কাঠামো পরিবর্তনের দাবি কপ-৩১-এ

Basumati Agro Introduces New Opportunities in Agribusiness with Swarnobhumi

কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি

উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়ন পূরণের তাগিদ ভারতের

কক্সবাজারে অবকাঠামো তৈরিতে রোহিঙ্গা নারীদের দৃষ্টান্ত স্থাপন