
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশ্বকে চীনের পথ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তাঁর মতে, সৌরবিদ্যুৎ, ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিতে চীন দ্রুত এগিয়ে গেলেও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অধিকাংশ দেশ এখনো সেই গতিতে এগোতে পারছে না। এতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার পাশাপাশি জলবায়ু সংকটও আরও তীব্র হওয়ার ঝুঁকি রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ চলাকালে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জন কেরি।
কেরি বলেন, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে চীনই একমাত্র দেশ, যারা উল্লেখযোগ্যভাবে দ্রুত অগ্রগতি অর্জন করেছে। অন্য দেশগুলো এখনো ধীরগতিতে এগোচ্ছে, অথচ প্রকৃতি প্রতিনিয়ত আরও শক্তিশালী জলবায়ু পরিবর্তনের সংকেত দিচ্ছে।
চীনের পরিচ্ছন্ন জ্বালানি খাতের অগ্রগতির চিত্রও বেশ উল্লেখযোগ্য। ২০২৫ সালে দেশটির পরিচ্ছন্ন প্রযুক্তি রপ্তানির পরিমাণ ২২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে বিশ্বের সৌরবিদ্যুৎ সরবরাহব্যবস্থার প্রায় ৮৫ শতাংশ এবং লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন সক্ষমতার প্রায় ৮০ শতাংশ চীনের নিয়ন্ত্রণে। একই বছর বিশ্বে উৎপাদিত বৈদ্যুতিক গাড়ির প্রায় ৭৫ শতাংশ তৈরি হয়েছে দেশটিতে।
বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ হলেও পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তি উৎপাদন ও সরবরাহে চীন এখন শীর্ষ অবস্থানে রয়েছে। দেশটির অর্থনীতিতেও এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ, ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ির রপ্তানি চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রভাব বাড়াতে সহায়তা করছে।
কেরির মতে, শুধু পরিবেশ রক্ষার বিষয়টি নয়, অর্থনৈতিক সুবিধাও দেশগুলোকে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে উৎসাহিত করবে। সৌর ও বায়ুবিদ্যুতের সঙ্গে জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি যুক্ত করলে এবং প্রয়োজন অনুযায়ী অন্তর্বর্তীকালীন গ্যাস ব্যবহার করলে প্রচলিত জীবাশ্ম জ্বালানিনির্ভর ব্যবস্থার তুলনায় কম খরচে ও বেশি কার্যকরভাবে বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব।
তিনি আরও বলেন, জ্বালানি নিরাপত্তার বিষয়টি এখন দেশগুলোর কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বিঘ্নের কারণে তেল ও গ্যাস আমদানিনির্ভর দেশগুলো বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে। চীনও অন্য দেশ থেকে তেল ও গ্যাস আমদানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার ঝুঁকি উপলব্ধি করে জ্বালানি স্বনির্ভরতার দিকে এগিয়েছে।
এদিকে, ২০২৬ সালের মার্চে গৃহীত চীনের নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রথমবারের মতো বৈশ্বিক জলবায়ু ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। ফলে কপ৩১ সম্মেলনে দেশটি আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কতটা নেতৃত্ব দিতে প্রস্তুত, তা নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
সম্মেলনে চীন পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির অবাধ আন্তর্জাতিক বাণিজ্যের বিষয়টি আলোচনায় আনতে চায়। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে চীনের বৈদ্যুতিক গাড়ি ও সৌরবিদ্যুৎ পণ্যের ওপর আরোপিত শুল্ক নিয়ে দেশটির উদ্বেগ রয়েছে। বিশ্লেষকদের ধারণা, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকাসহ উন্নয়নশীল দেশগুলোও জলবায়ুসংশ্লিষ্ট বাণিজ্যিক বিধিনিষেধের কারণে চীনের এ অবস্থানের প্রতি সমর্থন জানাতে পারে।
তবে বৈশ্বিক জলবায়ু নেতৃত্বে চীনের সামনে কিছু চ্যালেঞ্জও রয়েছে। অতীতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনগুলোতে দেশটি বড় ধরনের নীতিগত উদ্যোগ বা আলোচনার এজেন্ডা নির্ধারণে তুলনামূলকভাবে সতর্ক অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে চীনের নেতৃত্ব গ্রহণের ক্ষেত্রে আস্থার ঘাটতিও একটি বাধা বলে মনে করছেন বিশ্লেষকেরা।
কপ৩১ সম্মেলনে তাই চীনের জলবায়ু অর্থায়নে প্রতিশ্রুতি, জীবাশ্ম জ্বালানি থেকে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের সময় শ্রমিকদের অধিকার ও জীবিকার সুরক্ষা এবং বৈশ্বিক জলবায়ু সহযোগিতায় ভূমিকার দিকে নজর থাকবে। পাশাপাশি ২০২৮ সালে অনুষ্ঠেয় কপ৩৩ সম্মেলনের আয়োজক হওয়ার বিষয়ে চীন আগ্রহ দেখায় কি না, সেটিও পর্যবেক্ষণ করবেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তিতে চীনের অগ্রগতি এখন শুধু পরিবেশগত পরিবর্তনের বিষয় নয়; এটি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।